সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ১১তম দফার ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।
অবরোধ শুরু সাতসকালেই রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
মঙ্গলবার সকালে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে অবরোধ শুরুর আগের রাতে রাজধানীর টিকাটুলিতে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। পরে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তার আগে সাড়ে আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনেও বাসে আগুন দেওয়া হয়।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট হবে সাত জানুয়ারি। দেশের সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে সরকার পতনের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।