প্যারিস খাল উদ্ধার অভিযান শুরু শুক্রবার: মেয়র আতিক

ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রাজধানীর মিরপুরের প্যারিস খাল উদ্ধারে অভিযান শুরু হবে শুক্রবার থেকে। ৪০ ফিট প্রস্থের এই খাল উদ্ধারে অবৈধ বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনাও ভাঙা হবে।

বুধবার সকালে প্যারিস খাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, খালটির প্রস্থ থাকার কথা ৪০ ফিট। কিন্তু বাসাবাড়ির ময়লা ও দখলদারদের কারণে এখন কোথাও ২২ ফিট, কোথায় ১৮ ফিটে নেমে এসেছে।
আশেপাশের বাসার সুয়ারেজের ময়লাও এখানে ফেলা হয়। খাল রক্ষায় এলাকাবাসীকে সচেতন হতে হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খাল পরিষ্কার করবো।

তিনি আরও বলেন, খাল উদ্ধার করতে হলে আশপাশের অবৈধ ঘর-বাড়ি ভাঙতে হবে; সেই বার্তা দিতেই এখানে আসা। শুক্রবার থেকে প্যারিস খালের উদ্ধার অভিযান চলবে। 

এছাড়া সুতিভোলা খালে শিগগিরই ওয়াকয়ের কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, ঢাকাবাসীর জন্য খালের জায়গা ছেড়ে দিতে হবে।