রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়ির নিচ থেকে এক গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাসার থাকা স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া সৈয়দ আশফাকুল হক ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক। এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গত বছর মোহাম্মদপুর থানায় তার নামে মামলা হয়েছিলো।
মঙ্গলবার সকাল আটটার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ২/৭ নম্বর বাড়ির ৯ তলার বারান্দায় রেলিংয়ের সঙ্গে ঝুলছিলো গৃহকর্মী প্রীতি নামের ১৩ বছরের কিশোরী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বারবার বলার পরও বাড়িটির দারোয়ান দরজা খোলেননি। এক পর্যায়ে ওপর থেকে নীচে পড়ে যায় কিশোরীটি।
পরে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ প্রীতির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে আশফাক দাবি করেছেন, ঘটনার সময় তারা ঘুমিয়েছিলেন। পরে জেগে উঠে এ সম্পর্কে জানতে পারেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, নিহত প্রীতি দুই বছর ধরে সৈয়দ আশফাকুল হক ও তার শাশুড়ির বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার মিত্তিংগা গ্রামে।
গত বছরের চার আগস্ট ওই একই ভবনের আট তলা থেকে পড়ে আহত হন আরেক শিশু গৃহকর্মী। ঘটনার দুইদিন পর শিশুটির মা সৈয়দ আশফাকুল হকের বিরুদ্ধে মামলা করেন।
শিশু নির্যাতন, পরিবারের সাথে দেখা করতে না দেওয়া এবং নিয়মিত খেতে না দেওয়ার অভিযোগ আনা হয় তখন।
পরে অবশ্য তদন্ত শেষে মামলা থেকে আশফাকুল হককে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট দেয় পুলিশ।