মার্চেও তিনদিন বন্ধ থাকবে পোস্তগোলা সেতু

সংস্কারের কাজের জন্য ১ মার্চ, ৪ মার্চ ও ৮ মার্চ- এই তিনদিন আবারও বন্ধ থাকবে পোস্তগোলা ব্রিজ। এই দিনগুলোতে বিকল্প ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সোমবারও ব্রিজটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেকে। পোস্তগোলা ব্রিজের পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। বাকি কাজ নির্ধারিত সময়ে শেষ হবার আশা করছেন তারা।

ঢাকা-মাওয়া সড়কের পোস্তগোলা সেতু সংস্কারের জন্য সোমবার সকাল থেকেই চলছিলো ঢালাইয়ের কাজ। ব্রিজ বন্ধ থাকার খবরটি না জানায় পোস্তগোলায় এসে বিপাকে পড়েন অনেকেই। কেউ কেউ হেটেই ব্রিজ পাড়ি দেন ওপাড় থেকে পরিবহন পাবার আশায়।

এমন একজন জানালেন, ব্রিজ পেরিয়ে দুই কিলোমিটার গেলেই তার বাড়ি। এখন বাবুবাজার পেরিয়ে যেতে হলে তাকে বাড়তি অন্তত ১০ কিলোমিটার এবং তীব্র যানজট পেরিয়ে যেতে হবে।

আরেকজন জানালেন, তিনি শরীয়তপুর যেতে সপরিবারে পোস্তগোলায় এসেছেন। তারা জানতেন না যে, ব্রিজের কাজ চলছে। এখন হেঁটেই ব্রিজ পেরোতে চান ওপাড় থেকে পরিবহন পাবার আশায়।

bridge_closed

এদিকে, পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকায় বাবুবাজার ব্রিজের বিকল্প সড়কে এসে দীর্ঘ যানজটে পড়তে সবরকম পরিবহনকে। রাজধানী থেকে বিকল্প সড়ক হিসেবে বাবুবাজার ব্রিজ ব্যবহার করতে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার সরকারি ছুটি থাকায় বাবুবাজার ব্রিজে তেমন যানজট ছিলো না। তবে, ব্রিজের ওপর কিছু পরিবহন যাত্রী ওঠানামা করায় খানিকটা যানজট দেখা যায়।

এ পথে যাওয়া এক যাত্রী জানালেন, যারা এ পথে আসছেন, তাদেরই বিকল্প পথে যাওয়ার নির্দেশনা দেওয়া উচিত।

ভোগান্তি এড়াতে রাতদিন ব্রিজের সংস্কার কাজ চলছে বলেও জানায় সড়ক ও জনপথ অধিদপ্তর।

সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি জানান, এরকম একটা গুরুত্বপূর্ণ সড়কে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা মেরামত করতে গেলে জনভোগান্তি কিছুটা হবে। কিন্তু এ ভোগান্তি শুধুমাত্র পাঁচদিনের। এরপর তারা আরও নির্বিঘ্নে এ পথে ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারবে।

আরও তিনদিন বন্ধ থাকবে পোস্তগোলা ব্রিজ। এই সময়ে বিকল্প সড়ক হিসেবে শ্রীনগর হয়ে বসিলা দিয়ে রাজধানীতে প্রবেশ করা যাবে। আর ভারী যানবাহনগুলোকে পাটুরিয়া ফেরিঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।