অবশেষে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ছোট্ট তালহা। চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায়, শিশুটিকে দত্তক দিতে চেয়েছিলেন তার বাবা-মা।
এর আগে একাত্তরের বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমীনের এক প্রতিবেদন দেখে চিকিৎসাধীন শিশু তালহার চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার ইউনিভার্সেল হাসপাতাল থেকে তাকে শিশু হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে নেয়ার পর মঙ্গলবার সকালেই মারা যায় শিশুটি।
জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রামের এই দম্পতির দ্বিতীয় সন্তান দেড় বছরের তালহা। নিউমোনিয়া ও হার্টের সমস্যাসহ কিছু জটিল রোগে ভুগছিল শিশুটি। প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতাল, তারপর উন্নত চিকিৎসার আশায় সন্তানকে নিয়ে আসেন ঢাকায়। কিন্তু চিকিৎসা খরচ চালানোর সমার্থ নেই। তাই সন্তানটিকে দত্তক দিয়ে হলেও চিকিৎসা চালিয়ে যেতে চেয়েছিলেন তার মা।
সবশেষ, সোমবার এ নিয়ে প্রতিবেদন প্রচার করা হয় একাত্তর টেলিভিশনে। এরপর, স্বাস্থ্যমন্ত্রী নিজে তার চিকিৎসার দায়িত্ব নেন। পাশাপাশি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার বিলের একটি অংশ মওকুফ করে। আর বাকি অংশ পরিশোধের দায়িত্ব নেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
আড়াই বছর আগে পাঁচ বছরের আরেক সন্তান আয়েশাকেও হারান তালহার বাবা-মা।