সন্ধ্যায় হাসাপাতালে নেয়া হবে খালেদাকে

জরুরি কয়েকটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বুধবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।

এর আগে ৯ ফেব্রুয়ারি ফুসফুসের পানি অপসারণসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপার্সন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এছাড়া আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

২০২২ সালের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। এরপর থেকে কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

দুর্নীতির মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন।

২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।