মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসছে জুলাইতে  

আর ভ্যাট মুক্ত থাকছে না মেট্রোরেলের ভাড়া। আগামী জুলাই থেকে মেট্রোর ভাড়ার ওপর ভ্যাট দিতে হবে। আর ভ্যাটের হার হবে ১৫ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এক চিঠি দিয়ে এ বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসিএল)।

এনবিআর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যাত্রীদের সুবিধার কথা ভেবে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিলো।

এরপর গত বছরের মে মাসে আবার ভ্যাট মুক্ত ভাড়ার সময় আরো বাড়ানো হয়। তখন বলা হয়, অব্যাহতির এই সুবিধা বহাল থাকবে ২০২৪ সালের জুন পর্যন্ত।

সম্প্রতি ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু তাদের আবেদন নাকচ করে জুলাই থেকে ভ্যাট বসানোর চিঠি পাঠিয়েছে এনবিআর।

চিঠিতে বলা হয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী, রাজস্ব আয় বাড়াতে সবখাতেই করের ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না।

আর এর ফলে জুলাই থেকে ১৫ শতাংশ হারে অর্থাৎ ১০০ টাকার ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের দিন জনসাধারণের জন্য প্রথম পর্যায়ের প্রথম ও শেষ স্টেশনের মধ্যে বিরতিহীনভাবে মেট্রো সেবা চালু হয়।

আর উত্তরা থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয় গত বছরের পাঁচ নভেম্বর। তার আগের দিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।