মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের সিদ্ধান্ত হয়নি: কাদের 

রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী জুলাই থেকে মেট্রোর ভাড়ার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের বিষয়ে এনবিআরের চিঠির প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন সড়কমন্ত্রী।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, হঠাৎ করে কারা, কেনো মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার ঘোষণা দিলেন, সেটা সরকার জানে না।

‘মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত হয়নি। কারা, কোথা থেকে এ সিদ্ধান্ত নিলো সেটা আমরা কিছুই জানি না,’ যোগ করেন কাদের।

তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে একটি চিঠি দেওয়া হয় মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসিএল)।

সেখানে বলা হয়, আগামী জুলাই থেকে মেট্রোর ভাড়ার ওপর ভ্যাট দিতে হবে। ভ্যাটের হার হবে ১৫ শতাংশ।

এর প্রতিক্রিয়ায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, এটা অপ্রত্যাশিত। ভ্যাট বসানোতে বাড়বে  টিকেটের দাম, যা জনগনের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। 

যাত্রীদের সুবিধার কথা ভেবে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিলো।

এরপর গত বছরের মে মাসে ভ্যাট মুক্ত ভাড়ার সময় আরো বাড়ানো হয়। তখন বলা হয়, অব্যাহতির এই সুবিধা বহাল থাকবে ২০২৪ সালের জুন পর্যন্ত।

সম্প্রতি ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু তাদের আবেদন নাকচ করে জুলাই থেকে ভ্যাট বসানোর চিঠি পাঠিয়েছে এনবিআর।

চিঠিতে বলা হয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী, রাজস্ব আয় বাড়াতে সব খাতেই করের ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না।