রাজধানীতে গরমে কমিউনিটি পুলিশের এক সদস্যসহ দুই জন মারা গেছেন। রোববার বিকেলে ঢাকার গুলিস্তানের ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে এবং একই এলাকার পীর ইয়ামিন শপিং কমপ্লেক্সের মসজিদে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালে কমিউনিটি পুলিশের সদস্য রুহুল আমিন বলেন, বিকেলে বজলুর রহমান (৫০) ডিউটি করছিলেন। প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ঘুরে অচেতন হয়ে পড়েন। ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের ইমাদ কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজলুর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন এবং পরিবার নিয়ে সদর ঘাট এলাকায় থাকতেন বলে জানান রুহুল আমিন।
বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, গরমে কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে গুলিস্তানে পীর ইয়ামিন মার্কেটের মসজিদে নামাজ পড়া অবস্থায় মিজানুর রহমান (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
তিনি কুমিল্লা বরুরা উপজেলার আনাইসকোটা গ্রামের মৃত আব্দুল গনি মুন্সির ছেলে।
হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ইউসুফ ও বোন জামাই আব্দুল মালেক জানান, আছরের নামাজের আগে তিনি শরীর খারাপ লাগছে বলে জানান। পরে নামাজ পড়তে জামাতে দাঁড়ান। নামাজরত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
চিকিৎসকদের ধারনা, তিনি গরমে স্টোক করে মারা গেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।