নভেম্বরের মধ্যে দক্ষিণখানের ড্রেনেজ সংকটের সমাধান: মেয়র আতিক

রাজধানীর দক্ষিণখান এলাকার জলাবদ্ধতাসহ ড্রেনেজ সংকটের সমাধান আগামী নভেম্বরের মধ্যে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার দক্ষিণখান এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে ড্রেনেজ ব্যবস্থা না করেই প্রচুর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। যার ফলে দিনকে দিন জলাবদ্ধতা বাড়ছেই। আমরা এর সমাধানে কাজ করছি।

আতিক জানান, দক্ষিণখান এলাকায় ৪ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কসাইবাড়ি থেকে দক্ষিণখান সড়ক ১০০ ফিট করা হবে।

তিনি বলেন, টেকসই কিছু করতে গেলে শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও ভবিষ্যতে ভালো ফল পাওয়া যাবে।

এসময় তিনি ওয়ার্ড কাউন্সিলদের খাস জমির তালিকা করার নির্দেশ দিয়ে জানান, এসব জমি পরবর্তীতে খেলার মাঠ হিসেবে ব্যবহার হবে।