লায়লা হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের জামিন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফরহাদের করা মারধর, হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনই আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন টিকটকার প্রিন্স মামুন।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্রিন্স মামুন। শুনানি শেষে আদালত আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

প্রিন্স মামুনের আইনজীবী মাজেদুর রহমান (সোহাগ) জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মারধর, হত্যাচেষ্টার অভিযোগে গত বছরের ১২ ডিসেম্বর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনকে আসামি করে মামলা দায়ের করেন লায়লা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামুনের সঙ্গে তিন বছর আগে লায়লা আখতারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে প্রিন্স মামুনের সঙ্গে তার বিবাহের কথাবার্তা চূড়ান্ত হয়। এরপর থেকে প্রিন্স মামুন লায়লার বারিধারার ডিওএইচএস এর বাসায় বসবাস করতে থাকে। 

price mamun

আরও জানা যায়, এরপর থেকে প্রিন্স মামুন বিভিন্ন অজুহাত দেখিয়ে লায়লার কাছ থেকে টাকা নিতেন। প্রায় সময় মাদক সেবন করে গভীর রাতে বাসায় প্রবেশ করতেন। অশ্লীল ভাষায় লায়লার সাথে কথা বলতেন মামুন। এমনকি মাঝে মধ্যে তাকে মারধর করতেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর তারা উত্তরার একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় আসেন। এসময় মামুনসহ আরও দুইজন মদ পান করার জন্য মিরপুরে যাওয়ার পরামর্শ করে। লায়লা তাকে নিষেধ করে এবং বাধা দেয়। এতে মামুন উত্তেজিত হয়ে লায়লাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে সে লায়লাকে মারধর করে, হত্যার চেষ্টা করে।

সম্প্রতি মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গতকাল সোমবার পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এসময় পলাতক থাকায় প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিনের আদেশ দেন।