নতুন সময়সূচিতে যাচ্ছে মেট্রোরেল। আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে রাজধানীর এই গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঈদের ছুটির পর নতুন অফিস সময়সূচির কারণে পরিবর্তন করা হয়েছে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়।
এছাড়া, এখন দিনে ১৯৪ বার মেট্রোরেল যাওয়া-আসা করলেও ১৯ জুন থেকে ১৯৬ বার আসা-যাওয়া করবে।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব কথা জানান।
তিনি বলেন, গত ৬ জুন সরকার জানিয়েছে অফিসের সময়সূচি ৯ থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে এবং এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। এজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।
সকালে চলাচলে সময়ের পরিবর্তন না আসলেও বিকেল থেকে চলাচলের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে আট মিনিট পরপর মেট্রোরেল চলবে। আর রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে ১০ মিনিট পরপর চলবে মেট্রোরেল। সর্বশেষ ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত ১২ মিনিট পরপর মেট্রো ট্রেন।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত দুপুর ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট ৮ মিনিট পরপর চলবে ট্রেন। আর রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পরপর চলবে।
সরকারি ছুটির দিন গুলোতেও সময়ের পরিবর্তন এসেছে। শনিবার ছাড়া অনান্য ছুটির দিনে সকালে মেট্রোরেল ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট পরপর ছাড়বে। দুপুরের পর আগের সময়েই চলবে।
মেট্রোরেলের টিকেটের ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্তের বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা এম এ এন সিদ্দিক বলেন, এটা আমি এখন বলতে পারবো না, আমাকে ৩০ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে আমরা আশা করি জাতীয় সংসদে ইতিবাচক সিদ্ধান্ত পাব, এটা আমাদের প্রত্যাশা। যারা যাত্রী তাদের কাছ থেকে আমরা এই প্রত্যাশা শুনতে পাচ্ছি।
মেট্রোরেলে চামড়া-মাংস বহন করা যাবে না
কোরবানির উপলক্ষে মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। অন্য যেসব বিধিনিষেধ আগে রয়েছে, সেসবও বহাল থাকবে।
এ ছাড়া ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক।
নিয়ম অনুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ। এ ছাড়া আগে থেকে বিধিনিষেধের সব মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তিনি জানান এখন একটি মেট্রো ট্রেনে গড়ে ১৬০০ থেকে ১৭০০ যাত্রী যাতায়াত করে। আর ধারণক্ষমতা ২২০০। এখন দিনে গড়ে তিন লাখ ২৫ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করে।