ঈদযাত্রায় এবারও শিডিউল বিপর্যয়ে পড়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা। ঠিক সময়ে বাস না পাওয়ায় তীব্র গরমে পরিবারের শিশুদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে তাদের। যাত্রীরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে ভোগান্তিহীন যাত্রার আশ্বাস দেয়া হলেও বাস্তবে তার দেখা মেলে না।
বাস কাউন্টার থেকে ঈদযাত্রার ভোগান্তিটা শুরু। নির্ধারিত সময়ে এসেছেন কিন্তু বাস নেই। এরইমধ্যে বাসের অপেক্ষায় ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু কাঙ্ক্ষিত বাসের দেখা মেলে না।
রোববার সকাল থেকেই কল্যাণপুরে হানিফ, শ্যামলী, এসআর, আগমনীসহ সব কাউন্টারেরই ছিলো যাত্রীর ভিড়। পরিবারের শিশু ও বয়স্কদের নিয়ে ঈদ যাত্রায় বাসের জন্য এই অপেক্ষার কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে।
বাস না পাওয়ার ভোগান্তির সাথে যুক্ত হয়েছে ভ্যাপসা গরম কষ্ট। তাপমাত্রা ৩৪-৩৫ হলেও অনুভূতি প্রায় ৪২। রাস্তায় দাঁড়ানো কিংবা বসে থাকা যাত্রীদের কষ্টটা ছিলো আরও বেশি।
পরিবহন শ্রমিকরা বলছেন, রাস্তায় বিভিন্ন স্থানে যানজটের কারণে নির্ধারিত সময়ে বাস পৌঁছাতে পারছে না।
যাত্রীরা বলছেন, যাত্রীরা বলছেন, প্রতিবার ঈদেই যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন নানা উদ্যোগের কথা বললেও ভোগান্তি পিছু ছাড়ে না। তাদের অভিযোগ, তদারকির অভাবেই এই অবস্থা।
ঈদযাত্রার এই ভোগান্তির শেষ কবে তা জানেন কেউ।