ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সন্দেহভাজন এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার হাসপাতালের গাইনি বিভাগ থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ওই নারীকে আটক করে আনসার সদস্যরা। এসময় তার পড়নে ছিলো সাদা অ্যাপ্রন।
আটক নারীর নাম রিপা আক্তার (২৫)। তিনি কামরাঙ্গীচরের সেকশন এলাকার বাসিন্দা।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. মিজান জানান, অভিযুক্ত নারী গাইনি বিভাগে (২১২ নম্বর ওয়ার্ডে) অ্যাপ্রন পরে ঘোরাঘুরি করছিলেন। পরে নারী আনসারদের সন্দেহ হলে তাকে দায়িত্বরত চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তিনি স্বীকার করেন, তিনি হাসপাতালের কেউ না। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি শাহবাগ থানায় জানানোর পর ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন নারী জানিয়েছেন, তিনি তার বন্ধুর কাছে এসেছিলেন- যার মা সেখানে ভর্তি। কিন্তু এমন কোনো রোগীর সন্ধান পায়নি কর্তৃপক্ষ।