সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী৷
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে থামে। সেখানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে শাহবাগ মোড় থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় যানজট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’– এর ব্যানারে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীর মিছিলটি শুরু হয় বেলা আড়াইটার পর। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে মিছিলটি থামে বিকেল পৌনে চারটার দিকে। এরপর শাহবাগ মোড়ে সড়কের ওপর অবস্থান নেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।
মিছিলে আন্দোলনকারীরা ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ সহ নানা স্লোগান দেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর আগেই সেখানে সড়কের ওপর বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে তারা শিক্ষার্থীদের বাধা দেননি।
আন্দোলনকারীরা জানান, তাদের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজধানীর সাত সরকারি কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ কয়েক হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সবার দাবি, আগামীকাল বৃহস্পতিবার উচ্চ আদালতে যে শুনানি রয়েছে, সেখানে যেন আপামর শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে রায় দেওয়া হয়৷
বিকালে শাহবাগের অবরোধ শেষে আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনরত ছাত্রদের জমায়েত হবে। শেখানে হাইকোর্টের রায়ের জন্যে অপেক্ষা করবেন তারা। রায়ের শুনানি বিপক্ষে এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং কঠোর আন্দোলন করা হবে।