প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করছেন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে টানা অবরোধের ঘোষণাও দেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার দুপুর থেকে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। এর আগে বেলা ১১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে সমবেত হন। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে যান তারা।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
মিছিল ও অবরোধের সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে’; ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’; ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, —ইত্যাদি স্লোগান দেন।
তাদের দাবি, আদালতের রায়ে বাতিল হওয়া পরিপত্র পুনর্বহাল না হলে সমাজে বৈষম্য সৃষ্টি হবে। পরিপত্র বহাল এবং এটিকে আইনে পরিণত করার দাবিও জানান শিক্ষার্থীরা। শুধু প্রথম বা দ্বিতীয় শ্রেণি নয়, সব গ্রেডেই কোটা বাতিলের দাবি জানান তারা। এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে শাহবাগ এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল।