কোটাবিরোধী আন্দোলনের সময় শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় বিজেসি।
এতে বলা হয়, বৃহস্পতিবার শাহবাগে কোটাবিরোধী আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় সময় টিভির সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম, সিনিয়র ভিডিও জার্নালিস্ট সামছুল আরেফিন প্রিন্স, সিনিয়র ভিডিও জার্নালিস্ট সুমন সরকার, সিনিয়র ভিডিও জার্নালিস্ট সালাউদ্দিন আল মামুন আহত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিয়তই পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের ও নিন্দনীয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের কাছ থেকে এ রকম সন্ত্রাসী কর্মকাণ্ড সাংবাদিক সমাজ প্রত্যাশা করে না।
বিজেসি মনে করে, সাধারণ শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িত নন। এ ধরনের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া পেশাজীবী সাংবাদিকদের ওপর হামলা বন্ধ হবে না বলে মনে করেন বিজেসির চেয়ারম্যান ও সদস্যসচিব।
তাই দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানায় বিজেসি।