১৪ মামলায় ৪৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

রাজধানীর যাত্রাবাড়ী, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানায় দায়ের করা ১৪ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৪৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এসব আদেশ দেয়।

চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জসিম উদ্দিন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসব রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে জানিয়ে এ আইনজীবী বলেন, এছাড়াও বনানী থানার দুইটি এবং কদমতলী থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

এর আগে গত ৪ সেপ্টেম্বর সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেদিন রাতেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে পুলিশ বাহিনীর অনেক সদস্যদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আছে।

সবশেষ ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ৬ আগস্ট আইজিপি থেকে তাকে অবসরে পাঠানো হয়।