খিলগাঁও থানার চার ও পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এর মধ্যে খিলগাঁও থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা এবং পল্টন থানায় আরও দুটি হত্যা মামলা রয়েছে।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার জামিনের আদেশ দেন। পল্টন থানার দুটি মামলার আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।
প্রসিকিউশনের আসাদুল ইসলাম বলেছেন, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর মামলা না থাকায় তার জামিনে কোনো বাঁধা নেই।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পরে পল্টন মডেল থানায় করা বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে দেয় আদালত।
সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
সাকিব হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
সাবেক মেয়র তাপস ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ