বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেয়।
এদিন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. আল আমীন তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আলী আজম মুকুলকে গ্রেপ্তার করে র্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হন নাহিদুল ইসলাম। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মুকুল এ মামলার এজাহারনামীয় ১৬ নং আসামি।