ঢাকায় মধ্যরাতে বাড়িতে ঢুকে গৃহস্থকে হত্যা

রাজধানীর ধানমন্ডিতে মধ্যরাতে বাসায় ঢুকে এক যুক্তরাজ্য প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। তিনিও যুক্তরাজ্য প্রবাসী।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডি-১৫ এর ২৯৪/১ নম্বর পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। বাড়িটি নিহতের মালিকানাধীন। ওই দম্পতি দ্বিতীয় তলায় থাকতেন। বাকি ফ্লোরগুলো ভাড়া দেওয়া।  

নিহতের নাম একেএম আব্দুর রশিদ (৮২)। আহত স্ত্রীর নাম সুফিরা রশিদ। তারা সম্প্রতি দেশে এসেছেন। 

ওই বাসার ভাড়াটিয়া বাঁধন নামে এক শিক্ষার্থী জানান, পাশের ভবন থেকে চিৎকার শুনে নিচে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ির মালিককে দেখতে পাই। সেখানে তার স্ত্রীও ছিলেন, তিনিও আহত। রশিদ সাহেবের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক কিছু জিজ্ঞাসা না করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে ভোর চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কী হয়েছিল, কারা, কীভাবে ঘটনাটি ঘটিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি জানতে পারি নাই। তবে ধারণা করা হচ্ছে, বাহির থেকে কোনো লোক ওই বাসায় ঢুকেছিল। ওই বাড়িতে শুধু তারা স্বামী-স্ত্রী থাকতেন। পাশের বাড়ির লোকজন ঘটনা দেখে চিৎকার শুরু করলে আমরা ঘুম থেকে উঠে দ্রুত সেখানে যাই।  

তার ধারণা, যারা ঢুকেছিল আশপাশের লোকজনের চিৎকার শুনে আঘাত করে দ্রুত পালিয়ে গেছে।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।