রাজধানীতে একদল সাইকেল চোরের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭)। সে হাজারীবাগ লেনের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে।
বাবা আফজাল হোসেন বলেন, রাতে ওই এলাকায় তার বাসার পাশেই একটি বাসায় একদল কিশোর সাইকেল চুরি করতে যায়। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এসময় ছেলেও তাদের সঙ্গে ছিল। এসময় তারা শান্তকে বুকে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে ভর্তি করা হয়।
তিনি জানান, এ ঘটনায় হাজারীবাগ থানা পুলিশ তিন কিশোরকে আটক করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।