হাসিনাকে বাঁচাতে মোদীর সঙ্গে যোগ দিয়েছেন মমতাও: রিজভী

স্বৈরাচার শেখ হাসিনাকে বাঁচাতে শত শত শহীদের বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মনে করলেও শেখ হাসিনাকে বাঁচাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনিও যোগ দিয়েছেন। 

বুধবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এই অভিযোগ করেন।  

দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে দিকভ্রান্ত করা যাবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ভারতীয় আগ্রাসনসহ যে কোনো সঙ্কটে হিন্দু-মুসলিম এক সঙ্গে লড়াই করবে।

এই বিএনপি নেতা বলেন, ভারতীয় আগ্রাসন চলতে থাকলে আবারও বাংলা-বিহার- উড়িষ্যার দাবি নিয়ে সোচ্চার হবে বাংলাদেশের জনগণ। 

তিনি বলেন, শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে না পেরে নানাভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা করছে। আগরতলায় সহকারী দূতাবাসে হামলার মাধ্যমে তারা তা প্রমাণ করেছে।