শিক্ষকদের ন্যায্য দাবির জন্য রাজপথে নামতে হওয়াকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষকদের উত্থাপিত দাবি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও তা পর্যায়ক্রমে পূরণ করা হবে। তিনি, বলেন প্রতিশ্রুতি দেওয়া এবং তা বাস্তবায়ন করা বিএনপি সরকারের কাজের ধারা; তাই শিক্ষা কার্যক্রমকে অতি-রাজনীতিমুক্ত রেখে শিক্ষকদের যৌক্তিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি সরকারকে বিশৃঙ্খল ও দেশে অস্থির পরিস্থিতি তৈরির উদ্দেশে বিগত আমলে স্বামী-স্ত্রীকে দুই প্রান্তে বদলি করার মতো আমলাতান্ত্রিক জটিলতা ও খামখেয়ালিপনা দেখা গেছে। এ ধরনের খামখেয়ালিপনা পরিহার করে শিক্ষা খাতকে স্বাভাবিক করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বহু শিক্ষকের অসামান্য ত্যাগ রয়েছে। বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নে অতীতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি সরকার।
মাহ্দী আমিন আরও জানান, শিক্ষকদের সব যৌক্তিক বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ফ্যাসিবাদের শাসনকালে যেসব শিক্ষক হামলা ও মামলার শিকার হয়েছেন, তাদের কল্যাণে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে জাতীয়করণের দাবিসহ অন্য সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সমাবেশ শেষে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে র্যালি বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।।
