টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্দলভি অনুসারী (সাদপন্থী নেতা) জিয়া বিন কাসিমকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হয়।
মহানগর কোর্ট ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ জানান, এ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক শুনানি শেষে জিয়া বিন কাসিমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড আবেদন শুনানির সময় ইজতেমার প্রতিপক্ষ মাওলানা জোবায়ের অনুসারীগণ জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন।
এর আগে গেলো ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে চারজন নিহত হন। আহত হন শতাধিক।
এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা দায়ের হয় টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি জিয়া বিন কাসিমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি ইজতেমার সাদপন্থী জিম্মাদার মুআজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি গাজীপুর কারাগারে রয়েছেন।