কুড়িয়া পাওয়া বোতল বিস্ফোরণ, গুরুতর আহত শিশু

রাজধানীতে কুড়িয়ে পাওয়া সুগন্ধির বোতল বিস্ফোরণে এক শিশুর ডান হাতের সবগুলো আঙুল উড়ে গেছে। প্রায় বিচ্ছিণ্ণ হয়ে গেছে ডান হাতের কবজি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শনির আখড়া জাপানি বাজার চার নম্বর গলি এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। 

আহত শিশুটির নাম নুর ইসলাম (৮)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার চর-ফরিদপুরের টিপুর সন্তান। তার পরিবার ওই এলাকায় ভাড়ায় থাকেন। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত শিশুটির মা বিউটি আক্তার বলেন, ছেলে বাসার পাশে আবর্জনা থেকে একটি বডি স্প্রে জাতীয় একটি বোতল কুড়িয়ে পায়। পরে সেটি বাড়িতে এনে নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে ধোঁয়ার সৃষ্টি হয় এবং তার মুখ ও ডান হাত ক্ষতি গ্রস্ত হয়। হাতটি কবজি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসা হয়।