লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। 

স্বজনরা জানান, দুপুর সোয়া ২টার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকা তুলেছেন আরেফিন সিদ্দিক। এরপর তিনি রমনায় ঢাকা ক্লাবে যান। সেখানে কথা বলতে বলতেই পড়ে যান। তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে নেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান তার ফেসবুকে এক বার্তায় বলেন, আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক আরেফিন সিদ্দিক স্যার আজ হঠাৎ করে মাটিতে পড়ে গিয়ে ব্রেনে আঘাত পেয়ে এখন ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে আছেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন এবং অন্যদের দোয়া করতে বলবেন যাতে আল্লাহপাক স্যারকে দ্রুত শেফা দান করেন।  

আরেফিন সিদ্দিক ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন আরেফিন সিদ্দিক। ওই বছরের জুলাইয়ে তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়।