২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের (ভিসি) বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাবির সাবেক উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানসহ নিষিদ্ধ ছাত্রলীগের তৎকালীন বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রোববার (৪ মে) দুপুরে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।
মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ ছাত্রলীগ কর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, প্রক্টর ও পরবর্তীকালে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক মাকসুদ কামাল, ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় (যিনি পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি হন), কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।
পরে সাংবাদিকদের রাশেদ খান জানান, ভিসির বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগে মূল পরিকল্পনা করেছিলো ছাত্রলীগ, কিন্তু কোটা সংস্কার আন্দোলন ত্বরান্বিত হওয়ায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। সেসময়কার মিথ্যা মামলার ভুক্তভোগী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে মামলা করেছেন তিনি।
এসময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান রাশেদ।