রাজধানীর বাজারগুলোতে সবজি, ডিম, মাংসসহ প্রায় সবগুলো পণ্যের দাম বেড়েছে। কোনো সবজি ৫০ টাকার নিচে নেই, ডিমের দাম বেড়ে হয়েছে প্রতি ডজন ১৪৪ টাকা, সোনালি মুরগি ৩১০ টাকা, পুরনো মিনিকেট চাল ৮৬ টাকা। তবে নতুন চালের দাম কিছুটা কমেছে। আর গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা।
শুক্রবার (১৬ মে) ছুটির দিন রাজধানীর বাড্ডা, কারওয়ান বাজার, রামপুরা, মগবাজার এলাকায় বাজার ঘুরে পণ্যের এমন দাম দেখা গেছে।
এদিন লম্বা বেগুন ৮০ টাকায়, গোল বেগুনের কেজি ১০০ টাকা, ঢেঁড়স, পটোল, করলা, চিচিঙ্গা সবই ৬০ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে। শুধু আলু আলু ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, এই মূল্যবৃদ্ধি সংসার ব্যয়ে বাড়তি চাপ তৈরি করছে।
এদিকে সবজির দাম বাড়ায় সস্তা প্রোটিন হিসেবে ডিমের চাহিদা বেড়েছে। বিক্রেতাদের ভাষ্য, অতিরিক্ত গরমে ডিম উৎপাদন কম, তাই ডজনপ্রতি ডিম ১৪০ থেকে ১৪৪ টাকা হয়েছে। সোনালি মুরগির দাম বেড়ে ৩০০–৩১০ টাকা, ব্রয়লার আগের মতোই ১৭০–১৮০ টাকায়।
পুরনো মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২–৮৬ টাকা কেজি দরে। নতুন মিনিকেট কিছুটা সস্তা হলেও সার্বিকভাবে চালের দাম এখনো চড়া। টিসিবি বলছে, ভালো মানের চালের দাম আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
গরুর মাংসের দাম কেজিতে বেড়ে হয়েছে ৭৮০ টাকা।কোরবানির বাজার সামনে রেখে সরবরাহ কম, এজন্যই দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
ক্রেতারা বলছেন, লাগামছাড়া দামে কষ্টে দিন পার করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। নিয়মিত মনিটরিং ও কার্যকর পদক্ষেপ না নিলে চাপ আরও বাড়বে।