রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ‘গুলশান আরা মাসুদ’ নামে পরিচিত ১২ তলা ভবনটিতে এ অভিযান শুরু হয়, চলে বিকেল ৪টা ৪৫ পর্যন্ত। তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গণমাধ্যমকে বলেন, বিস্তারিত জানা নেই। তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিলো, সে অনুযায়ী সহায়তা করতে আমরা পুলিশ দিয়েছি।
বাড়িটি থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলা জানা গেছে।
অভিযান চলাকালে ভবনটি থেকে কাউকে বের হতে দেয়া হয়নি। ভাড়াটিয়ারা জানান, তবে পরিচয় নিশ্চিত হয়ে ভাড়াটিয়াদের প্রবেশ করতে দেয়া হয়েছে।