২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।
বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বেলা দুইটার দিকে শিক্ষকরা শাহবাগ মোড়ের উদ্দেশে রওনা দেন। পথে শাহবাগের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সেই ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
শিক্ষকদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, ‘তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক’, ‘২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে, দিয়ে দাও’, ‘দাবি মোদের একটাই, দ্রুত প্রজ্ঞাপন চাই’।
এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা।
শিক্ষকরা জানান, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।
তিন দফা দাবির পক্ষে সরকারি প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে শিক্ষকদের দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে গত সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
সবশেষ গেলো রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।