শিগগিরই মশা নিয়ন্ত্রণে সুফল পাবে ঢাকা উত্তর সিটি: প্রশাসক

মশা নিধন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মাঠপর্যায়ে দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা আরামদায়ক চেয়ারে বসে থাকি না। দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত মাঠে কাজ করছি এবং কাজের ফলাফল দৃশ্যমান করতে আমরা বদ্ধপরিকর।

রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর কড়াইল বস্তি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক এসব কথা বলেন।

মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে মো. শফিকুল ইসলাম খান জানান, ডিএনসিসিতে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনার আওতায় সমন্বিতভাবে কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অল্প সময়ের মধ্যেই নগরবাসী মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের দৃশ্যমান সুফল পাবেন। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ওষুধ প্রয়োগ, লার্ভা নিধন এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে রাস্তাঘাট সংস্কার, লেক সুরক্ষা এবং বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই ডিএনসিসি কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, কড়াইল বস্তি এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। প্রতিমন্ত্রী বলেন, প্রাপ্য ব্যক্তিরা বিনামূল্যে এই কার্ড পাবেন এবং সরাসরি তাদের হিসাবে অর্থ পাঠানো হবে। এ বিষয়ে কাউকে কোনো ধরনের ঘুষ না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও জানান, এলাকার লেক ও ফুটপাত দখলমুক্ত করা এবং মশামুক্ত পরিবেশ নিশ্চিত করতে ধাপে ধাপে কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক সেবা উন্নয়ন ও মাঠপর্যায়ের তদারকি আগামীতে আরও জোরদার করা হবে।