সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

বিধি বহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই।

বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

গত বছরের আগস্ট মাসে বিধি বহির্ভূতভাবে রাজউকের প্লট বরাদ্দের অভিযোগে খায়রুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুদক। এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ৪ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি সংক্রান্ত চারটি পৃথক মামলায় তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। আজকের এই আদেশের ফলে দুর্নীতির মামলাতেও তিনি জামিন পেলেন।

আদালতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।