ঢাকায় ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান শুরু

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বুধবার (১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। আজ এ অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।

এদিন রাজধানীর মগবাজার ক্রসিং থেকে বাংলামোটর, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বকশিবাজার হয়ে চানখারপুল, বংশাল ও নর্থ সাউথ রোড, নাইটিংগেল মোড় থেকে আরামবাগ, ইন্দিরা রোড, গ্রীন রোড, আনন্দ সিনেমা হল, বসুন্ধরা ও কাওরান বাজারসহ আটটি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা চায়ের দোকানসহ বিভিন্ন অস্থায়ী দোকান উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়। 

এছাড়া ফুটপাত দখল করে রাখা গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং অনেক দখলদারকে জরিমানাও করা হয়। 

ডিএমপি জানিয়েছে, ৫ এপ্রিল পর্যন্ত মোট ৩২টি স্থানে এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।