দ্য ওয়েস্টিন ঢাকা এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সি-ফুড উৎসব ‘ওশানিক ট্রেজারস’। ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ৯ মে পর্যন্ত চলবে।
ঢাকার গুলশানে অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকার লেভেল ২-এর ‘সিজনাল টেস্টস’ রেস্টুরেন্টে প্রতিদিন ডিনারের সময় সামুদ্রিক স্বাদের এই বর্ণিল সমারোহ উপভোগ করা যাবে।
বুধবার বিকেলে, উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসেডর হোকন আরাল্ড গুলব্রান্দসেন, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ এবং থাই রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।
এছাড়াও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সিইও মো. শাখাওয়াত হোসেনসহ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও মালদিভিয়ান এয়ারলাইন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিতা কাটার পর আমন্ত্রিত অতিথিরা বিশেষজ্ঞ শেফদের তৈরি সিগনেচার সি-ফুড পদগুলো চেখে দেখেন।
খাবারের বৈচিত্র্যময় তালিকা: ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ রিমুন ওবাইদ এবং শেফ স্বপন রোজারিওর নির্দেশনায় এই উৎসবে পরিবেশন করা হচ্ছে উপকূলীয় অঞ্চলের সেরা সব খাবার।
মেন্যুতে থাকছে নরওয়েজিয়ান স্যামন, সি-ফুড পায়েয়া, থারমিডর, পাতে, টেরিন, লাসানিয়া এবং ফিশ টাজিনসহ আরও অনেক বিদেশি পদ। লাইভ কাউন্টারে লবস্টার, কিং প্রন, ক্যালামারি ও অক্টোপাস অতিথিদের পছন্দ অনুযায়ী তাৎক্ষণিক প্রস্তুত করে পরিবেশন করা হচ্ছে।
যারা সি-ফুড পছন্দ করেন না, তাদের জন্য মাটন নেহারি ও বিভিন্ন ধরনের কাবাব রাখা হয়েছে। মিষ্টির আয়োজনে থাকছে বাকলাভা, কুনাফা ও কাতায়েফসহ আরবীয় সব মুখরোচক ডেজার্ট।
খরচ ও আকর্ষণীয় অফার: ‘ওশানিক ট্রেজারস’ ডিনার বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৯,৪৫০ টাকা । তবে ভোজনরসিকদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা ‘বাই ১ গেট ৩’ অফার উপভোগ করতে পারবেন।
এছাড়াও ২১টি নির্ধারিত ব্যাংকের কার্ডে ‘বাই ১ গেট ২’ এবং ‘বাই ১ গেট ১’ অফার চালু রয়েছে। ভিড় এড়াতে ডিনারের জন্য আগেভাগে টেবিল বুক করার পরামর্শ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এই আয়োজনের এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে মালদিভিয়ান এয়ারলাইন্স।