দেশের গণমাধ্যম জগতের বড়ো একটি অংশ দখল করে থাকা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা বা বিধান তৈরি করছে সরকার। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মে শিক্ষণীয় কনটেন্ট প্রচারের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১০ মে) সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের একটি বিশাল পরিধি জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সেখানে কাজ করার জন্য এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বিধান নেই। এই শূন্যতা পূরণে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে গণমাধ্যমে শিক্ষণীয় ও গঠনমূলক কনটেন্ট প্রচারের তাগিদ দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও কার্যকর হবে।
বিগত দিনের রাজনীতির সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে দেশে একটি দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিলো, যেখানে শিক্ষা নিয়ে গঠনমূলক আলোচনার সুযোগ ছিলো না। নৈতিক সঙ্কটের কারণে আমরা জাতি হিসেবে পিছিয়ে আছি।
তিনি আরও বলেন, মানুষের ভেতর থেকে পাশবিকতা দূর করতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সরকার পরিবর্তন হলেও মানুষের মানসিক দৈন্যদশার পরিবর্তন হয়নি। সমাজ পরিবর্তনে সকল স্তরে নৈতিক শিক্ষা জরুরি। এ সময় তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা ফেরাতে মন্ত্রী ও এমপিদের দেশেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।