দেশের প্রচলিত আইনের আওতায় রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা জানান।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে সাজার আওতায় আনা হবে।
ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জনমতের প্রতিফলন ঘটিয়ে এবং সামাজিক সচেতনতাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে ধর্ষণের মতো অপরাধ নির্মূলে কার্যকরী ও শক্তিশালী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি নিশ্চিত করেন যে, পাড়া-মহল্লায় গড়ে ওঠা স্কুল-কলেজগুলো যাতে সরকার নির্ধারিত নীতিমালা যথাযথভাবে মেনে পরিচালিত হয়, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হবে। অনিয়ম রোধে শিক্ষা প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানের শেষভাগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
