ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার (১৩ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন স্থানের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রশাসক জানান, রাজধানীর লেকগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজউকের। তাই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে রাজউককে চিঠি দেবে সিটি কর্পোরেশন।
তিনি আরও বলেন, নগরীর প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ খালের সীমানা নির্ধারণের কাজ শেষ হয়েছে। বাকি খালগুলোর সীমানা নির্ধারণ হলেই উন্নয়ন ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
পাশাপাশি দখল হওয়া সব খাল চিহ্নিত করে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলেও জানান তিনি।