পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা, দুই ভবনের ফাঁকে মাটিচাপা

নিখোঁজের তিনদিন পর রাজধানীর লালবাগে বন্ধুর বাসার সামনে মাটি খুঁড়ে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনির (৪৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাওনা তিন লাখ টাকা চাওয়ায় তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখার অভিযোগে তার বন্ধু মাসুমকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে লালবাগ থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বিসি দাস স্ট্রিটের ৯ নম্বর বাসার নিচতলার খালি জায়গায় দুই ভবনের মাঝের ফাঁকা স্থানে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন ও কসটেপ প্যাঁচানো ছিল।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি তিনদিন আগে নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই শেখ আব্দুল করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তদন্তে নামে। নিহতের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মাসুমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিডি করার সময় মাসুমও থানায় এসেছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুম স্বীকার করেন, নিহত ওয়াসিম রনি তার কাছে তিন লাখ টাকা পেতেন। ওই টাকা পরিশোধের জন্য ওয়াসিম তাকে চাপ দিচ্ছিলেন। পরে টাকা দেওয়ার কথা বলে তাকে নিজের বাসায় নিয়ে আসেন মাসুম।

সেখানে প্রথমে মাথায় আঘাত করে ওয়াসিমকে নিচে ফেলে দেওয়া হয়। এরপর তার হাত-পা বেঁধে মুখে কসটেপ ও পলিথিন প্যাঁচিয়ে দেওয়া হয়। পরে বাসার নিচে দুই ভবনের মাঝের ফাঁকা জায়গায় তাকে বালু ও মাটি চাপা দিয়ে রাখা হয়।

মাসুমের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ওই স্থান থেকে মাটি ও বালু খুঁড়ে ওয়াসিম রনির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাসা রাজধানীর খিলগাঁওয়ের শেখদী এলাকায়।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, নিহতের স্ত্রী নুসরাত জাহান সিমা বাদী হয়ে মামলা করবেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি আইনি কার্যক্রম চলমান।