মিরপুর ও পল্লবীতে পুলিশের সাঁড়াশি অভিযান

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে পল্লবীর কথিত কিশোর গ্যাং গ্রুপের প্রধান ও কথিত সন্ত্রাসী আশিকের বাড়িসহ বেশ কয়েকটি সন্দেহভাজন বাসায় আকস্মিক তল্লাশি চালানো হয়। এলাকার মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের চাঁদাবাজি ও অবৈধ দখলদারিত্ব চিরতরে নির্মূল করার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে তল্লাশি চালিয়ে অপরাধীদের বিভিন্ন আস্তানা থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং নাকের নোলকসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

পল্লবী এলাকার ডিসি হাসান মোহাম্মদ রিকাবদার গণমাধ্যমকে জানান, এলাকায় দীর্ঘদিনের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতেই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কঠোর অবস্থান অব্যাহত রাখবে এবং অপরাধী যেই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।