রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ নম্বরের দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে চলন্ত বাসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাতটা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশের মিরপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, চলন্ত বাসে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো যাত্রী বা পরিবহনশ্রমিক হতাহত হননি।
জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও তার সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
অপরদিকে, মিরপুর-১ নম্বরে একটি শপিং কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণে খবর পাওয়া গেছে।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন, রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নম্বরের রবিউল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিক জড়িতদের চিহ্নিত করা যায়নি।
