বিদেশ থেকে ফোনে ফোনেই অপরাধ জগত নিয়ন্ত্রণ!

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

বিদেশি পিস্তল, গুলি, বিপুল দেশীয় অস্ত্র ও মাদকসহ রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় সক্রিয় কথিত ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এর আগে এই গ্রুপের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হলেও, থামেনি তাদের অপরাধ। এসআরবি বলছে, বিদেশে অবস্থান করেই ফোনের মাধ্যমে মিরপুরের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছে গ্রুপটির শীর্ষ সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শেখ ওসমান গনি সোহাগ (৩৫), রনি ব্যাপারী (৩৫), রনি (২৬), হাসিব (২৭), ইমন মোল্লা (২৫) এবং সৌরভ বেপারী (১৯)।

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর আলাদা দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রথম অভিযানে ২৩ নভেম্বর বিকেলে পল্লবীর ১২ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে ফোর স্টার গ্রুপের মশিউর অংশের অস্ত্রধারী সদস্য শেখ ওসমান গনি সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে সোহাগকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালায় এসআরবি-৪। লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সোহাগের তথ্য অনুযায়ী গ্রুপটির একটি ডাকাত দল রূপনগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

অভিযান টের পেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় অভিযান থেকে একটি খেলনা পিস্তল, দুটি সামুরাই তলোয়ার, ১২টি রামদা, চাপাতি ও ছুরি, ৩০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।


এসআরবি জানিয়েছে, ফোর স্টার গ্রুপ একক কোনো গ্যাং নয়; বরং কয়েকটি উপদলের সমন্বয়ে গঠিত এই নেটওয়ার্কের প্রভাব রয়েছে বৃহত্তর মিরপুরের বিভিন্ন এলাকায়। চাঁদাবাজি, জমি ও ফ্ল্যাট দখল, ফুটপাত ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গত দেড় মাসে এই চক্রের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা মশিউর অংশের ছত্রচ্ছায়ায় অপরাধ চালানোর পাশাপাশি পল্লবী, মিরপুর, শাহ আলী ও কাফরুলসহ আশপাশের এলাকায় খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখাতে পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন।

আধিপত্য বিস্তার ও আতঙ্ক ছড়াতে তাঁরা মহড়ার ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দিতেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বহু মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রুপটির শীর্ষ সন্ত্রাসীদের কয়েকজন বিদেশে অবস্থান করেই ফোনের মাধ্যমে মিরপুরের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছেন; ফলে মাঠপর্যায়ের সদস্য গ্রেপ্তার হলেও পুরো নেটওয়ার্ক ভাঙা চ্যালেঞ্জিং হয়ে উঠছে। গ্রেপ্তার ছয়জনকে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

 

একাত্তর/এআরএস
রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর উত্তেজিত...
ঢাকার মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রকাশ্যে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর এলাকা। বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।...
রাজধানীর মিরপুর, মহাখালী এবং বাড্ডা এলাকায় মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে পৃথক এই তিনটি ঘটনায় নগরজুড়ে...
দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করার পরও, ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী...
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে শিক্ষার সুযোগ বাড়ানো এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করতে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা...
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর