রাজধানীর রামপুরায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এক হাজার ৩৯টি হেরোইন সদৃশ পুরিয়াসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আটটার দিকে ডিআইটি রোডের বেটার লাইফ হাসপাতালের সামনে ওয়াপদা রোড ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রামপুরা ব্রিজ থেকে মালিবাগগামী একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলকে কাগজপত্র যাচাইয়ের জন্য থামার সংকেত দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলচালক দুই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলে এক পুলিশ সদস্য মোটরসাইকেলটি ধরে ফেলেন।
এরপর মোটরসাইকেলের চালক মো. মানিক (৩০) ও আরোহী আলী (২৯) মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে তাদের কাছে থাকা একটি চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে দুজনকে আটক করেন।
পুলিশ জানায়, আটকের পর তাদের সঙ্গে থাকা একটি কালো ব্যাগ খুলতে বলা হলে তারা প্রথমে রাজি হননি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় দুই ব্যক্তির সামনে ব্যাগটি তল্লাশি করা হয়।
ব্যাগটির ভেতর থেকে হেরোইন সদৃশ সাদা পলিথিনে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে ২০টি প্যাকেটে ৫১টি করে এবং অপর একটি প্যাকেটে ১৯টি পুরিয়া ছিলো। সব মিলিয়ে মোট এক হাজার ৩৯টি পুরিয়া উদ্ধার করা হয়।
আটকরা হলেন—মো. মানিক (৩০) ও আলী (২৯)। তাদের উভয়ের বাড়ি রাজধানীর মুগদা এলাকার উত্তর মুগদা।
পরবর্তীতে রামপুরা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আটক দুই ব্যক্তি, উদ্ধার মাদকদ্রব্য এবং মোটরসাইকেলটি তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে উদ্ধার করা পদার্থের রাসায়নিক পরীক্ষার ফল এবং মামলার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।