বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুর

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। ওই স্থানে সচিবালয় না করে মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজে ফিরিয়ে দেয়ার দাবিতে বুধবার সকালে পুরোনো মেলা প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান তারা। এ সময় সেখানে চলমান এশিয়া আন্তর্জাতিক মেলার একটি প্রবেশদ্বার এবং কয়েকটি অস্থায়ী অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হয়।

Screenshot 2026-10-28 153818
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা পুরোনো বাণিজ্য মেলার মাঠে যান এবং সচিবালয় স্থানান্তরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মেলা প্রাঙ্গণে অবস্থিত প্রবেশদ্বার (গেট) ও কয়েকটি স্টলে ভাঙচুর চালানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মেলা সরিয়ে নেওয়ার জন্য তারা মঙ্গলবারই কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মেলা সরানোর কোনো লক্ষণ না দেখে তারা নিজেরাই মাঠে গিয়ে অবস্থান নেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইনস্টিটিউট করার জন্য ফেরত না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না।

Screenshot 2026-10-28 153850
উত্তপ্ত পরিস্থিতির মুখে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। শিক্ষার্থীদের দাবির মুখে এখনই গেটসহ অন্যান্য অবকাঠামো সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা মাঠে এসে কিছুটা ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে নিজেদের দাবি জানিয়ে ক্যাম্পাস এলাকায় ফিরে গেছেন।

Screenshot 2026-10-28 153641
অন্যদিকে, পুরো বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ৫ আগস্টের পর থেকেই শিক্ষার্থীরা মাঠ গবেষণার জন্য ওই জায়গায় ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানিয়ে আসছিলেন। সে কারণেই তারা সেখানে সচিবালয় নির্মাণের বিরোধিতা করছেন।

তিনি আরও উল্লেখ করেন, এটি মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণপূর্ত বিভাগের বিষয়। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয় স্থাপনের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলাকালে শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিক্ষোভ প্রকাশ করেছিলেন। সে সময় মাটি পরীক্ষার যন্ত্রাংশ এবং দুটি গাড়িও তারা টেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।