জিজ্ঞাসাবাদে চতুরতার সঙ্গে জবাব এড়িয়ে যাচ্ছেন দীপ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ ও একমাত্র সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। চতুর প্রকৃতির এই আসামি জিজ্ঞাসাবাদে কৌশলে অনেক প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন দাবি করে পুলিশ তাঁর জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এই রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মঙ্গলবার এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

Tahsif Murder 01
এর আগে গত শনিবার গ্রেপ্তারের পর দীপকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় চার দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। মঙ্গলবার সেই রিমান্ড শেষ হওয়ার কথা থাকলেও নৌ পুলিশ তাঁকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সাত দিনের রিমান্ডের আবেদন করলো।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রথম দফার রিমান্ডে দীপ ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আসামি অত্যন্ত চতুর হওয়ায় অনেক প্রশ্নের জবাব তিনি কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচনে তাঁকে আরও নিবিড় জিজ্ঞাসাবাদ করা জরুরি।

Tahsif Murder 05
এই হত্যা মামলায় দীপ ছাড়াও গ্রেপ্তার হওয়া এক তরুণী বর্তমানে চার দিনের রিমান্ডে পুলিশি হেফাজতে রয়েছেন। গত রবিবার তাঁর রিমান্ড মঞ্জুর হয়েছিল।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাবেক বৈমানিক তাহসিফ সাউরি। এর পরদিন বিকেলে রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। তদন্তে এখন পর্যন্ত বন্ধুর সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।