দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত এক সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে ৩৯২ জন আসামিকে গ্রেপ্তার করেছে বিশেষ এই বাহিনী।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো এসআরবিও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে অস্ত্র মামলায় ৫ জন, হত্যা মামলায় ৪৩ জন, নারী ও শিশু নির্যাতন বা ধর্ষণ মামলায় ২০ জন, মাদক মামলায় ১১১ জন, ছিনতাইয়ে ৫ জন, ডাকাতিতে ১৭ জন, মানবপাচার মামলায় ৬ জন, নাশকতায় ২ জন এবং অন্যান্য মামলার ১৮৩ জন আসামি রয়েছে।
অভিযানকালে অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র, ৭৫০ গ্রাম হেরোইন, ২ হাজার ৫০০ বোতল ফেনসিডিল, ৬৪০ কেজি গাঁজা, ৩৬ হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট এবং ১৫৫ লিটার মদ।
সাম্প্রতিক কিছু সফল অভিযানের কথা তুলে ধরে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি। এছাড়া খুলনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ এক অভিযুক্তকে এবং টাঙ্গাইলে একটি ভাড়া বাসা থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসসহ সেলিম খান নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে এসআরবির এমন কঠোর ও দৃঢ় কার্যক্রম আরও জোরদার করা হবে।