রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১৩ এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। হামলায় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে যায়। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়। হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলেও কাচের দরজার কারণে প্রবেশ করতে পারেননি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।
হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
তিনি অভিযোগ করেন, হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও বেশির ভাগ ভাঙচুরের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে।’
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টিও হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
হামলার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি।