ঢাকায় বাসায় ব্লেন্ডার বিস্ফোরণ: বিকট শব্দে ভেঙে পড়ে কাচ ও দেয়াল, নিহত এক

ঢাকায় একটি বাসায় ব্লেন্ডার মেশিন বিস্ফোরণে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের বার্ন ইনস্টিটিউটের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পারভীন বেগম (৪০)। তিনি ওই বাসার ভাড়াটিয়া ও আহত এক তরুণীর মা।

আহতরা হলেন- ফাতেমা আক্তার উর্মি (২০) ও গৃহকর্মী ফরিদা বেগম (৬০)। তাদের মধ্যে ফরিদা বেগমকে প্রথমে বার্ন ইনস্টিটিউট ও পরে ঢামেকে পাঠানো হয়। এছাড়া নিহতের মেয়ে উর্মিকেও ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদা বেগমকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাহিম ইসলাম বলেন, তিনি ওই ভবনের সামনের চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এবং বাসার জানালার কাচ ও দেয়ালের কিছু অংশ ভেঙে নিচে পড়ে। পরে গিয়ে দেখেন, ফরিদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় আহত ফরিদাকে উদ্ধার করে হাসপাতালে নেন তিনি।

জাতীয় বার্ন ইউনিটের চিকিৎসক জানান, ফরিদা বেগমের শরীরের বিভিন্ন স্থানে কাচের টুকরায় কেটে গেছে, তবে তিনি দগ্ধ হননি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢামেকে পাঠানো হয়।

ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন ফাতেমা আক্তার উর্মির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাতে জখম হয়েছে।

আহত গৃহকর্মী ফরিদা বেগম জানান, তিনি ওই বাসায় রান্নার কাজ করেন এবং ব্লেন্ডার দিয়ে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থল থেকে একজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।