গোপালগঞ্জে আহত চিকিৎসক অসীমের অবস্থা স্থিতিশীল: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে হামলায় আহত চিকিৎসক ডা. অসীম কুমার ধরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ওই চিকিৎসককে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হামলার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী ‘জঙ্গি স্টাইলে’ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে।

সম্প্রতি দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এসব হামলার প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্মক্ষেত্রে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সুরক্ষা আইন’ যত্নসহকারে দ্রুত প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য নিয়োগ দেওয়ার ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনা আগের তুলনায় কমে এসেছে।