রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৪৪ জন উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, সাতটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৩০৭ পিস ইয়াবা, চার কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইলফোন, ৩২ হাজার ৯০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।